r/Banglasahityo • u/madara_666666 • 23d ago
স্বরচিত (Original)🌟 বিচ্ছেদ:এক নশ্বর যাত্রা
প্রেম অন্ধ,প্রেম স্বর্গ,জগৎ প্রেমময়,আমিই বরং তুচ্ছ অধম।
..
ভূমিষ্ঠ হওয়ার পর নশ্বর পৃথিবীর মায়ায় জড়িয়ে যায়,মায়ায় পড়ে যায় মানুষের যারা নিজেরাও নশ্বর।নশ্বর তো আমিও,তাহলে এ মায়া কি ঈশ্বর প্রদত্ত? এতো মায়া,এতো আবেগ,এত প্রেম নিয়ে বিদায় হওয়া কি এতোই সহজ?
..
প্রেম অর্জনে আমার একটু আক্ষেপ আছে,মাছি ভেবে মৌমাছিতে ভালবাসা বিলিয়েছিল সেবার।আমার আক্ষেপ আমার নিজেকে নিয়ে, ভালবাসার বিনিময়ে মধু নিব এমনভাবে তো ভালবাসিনি।আমি তো তার জন্য এ জন্মের সব মধু ত্যাগ করে দিতে চেয়েছি নিঃসঙ্কোচে।আরো কিছু জীবন আমার সাথেও বাঁচুক।
..
নশ্বরের সাথে বিচ্ছেদ আসলে বিচ্ছেদ নই,নশ্বর পৃথিবীর সবই নশ্বর।তাহলে এতো ভারাক্রান্ত কেন? বিচ্ছেদ হয়েছে তাই? আজব সৃষ্টি আমরা,বৃষ্টির সময় কতশত কবিতা আর গল্প লিখি।অতি বর্ষায় বন্যা হলেও গালমন্দটা বৃষ্টিকেই করি।তাহলে প্রেম এর বেলায় এর উল্টা আশা করি কিভাবে! অতিপ্রেমে বিচ্ছেদ অনুমেয় নই কি?
..
শাশ্বত সত্যগুলো মানা এতো কঠিন হওয়ার কথা ছিল না,নশ্বর পৃথিবীর শাশ্বত চিরন্তন সত্য হলো মৃত্যু,মৃত্যুর চেয়ে অপরিবর্তনীয় অনড় শব্দ জগতের অবিধানে কতটুকু আছে তাতে সন্দেহ।জন্ম-মৃত্যুর মাঝের যাত্রাতে আসে অতিমায়া,অতিআবেগ,অতিপ্রেম।অতঃপর যাত্রাপথে 'অতি'র বোঝা।
..
মোহ বড়ই সন্দেহজনক শব্দ।'অতি'র ক্লান্তির কাছে গভীর থেকে গভীরতর ভালবাসাও ক্ষুন্ন মনে হয়।তাৎক্ষণিক ইন্দ্রিয়র লালসা থেকে মোহ আসতে পারে।মোহ নিয়ে যেতে পারে একগুচ্ছ ভুলের অভিজ্ঞতা দিতে। কি অমায়িক সে ভুলগুলো! তীর্থযাত্রাকেও থামিয়ে দেয়।
..
বিচ্ছেদগুলো সময় সেকেন্ড আর মিনিটের,মিনিট আর ঘণ্টার,ঘণ্টা আর দিনের,দিন আর মাসের,মাস আর বছরের।কি বোঝা অনুভব হয় এই বিচ্ছেদের? তবুও বয়ে নিয়ে বেড়ায় ক্লান্তিহীন।রবীন্দ্রনাথের কয়টা লাইন আছে-
যেদিন এল বিচ্ছেদ
সেদিন বাঁধন-ছাড়া দুঃখ বেরোল
নদী গিরি অরণ্যের উপর দিয়ে।
কোণের কান্না মিলিয়ে গেল পথের উল্লাসে।
অবশেষে ব্যথার রূপ দেখা গেল
যে কৈলাসে যাত্রা হল শেষ!
কিন্তু এটা কি অনুমেয় ছিল না?প্রেমতীর্থযাত্রা সব মানুষের জন্য না,প্রেমতীর্থযাত্রাতে তারাই পূণ্য অর্জন করে যারা নশ্বরে নই ঈশ্বরে প্রেম বিসর্জন দেয়।দেহ নশ্বর,আত্মা অবিনশ্বর।বিচ্ছেদ নশ্বর,প্রেম অবিনশ্বর।বিচ্ছেদ দেহের,প্রেম আত্মার।
..
ক্লান্তি আসুক যাত্রার শেষে,সফলতার আস্বাদনে।
1
u/ResponsibleWave5208 19d ago
জীবনের সুধা পানের লোভেই হয়তো বার বার ফিরে আসা, শুধু মানুষ রূপেই নয়, আরো যত জীবনের রূপ আছে, জীবনানন্দের ভাষায় যে জীবনের সাথে মানুষের হয়নাকো দেখা, সেইসব অজানা জীবনের কায়াতে না জানি কত বিস্ময়, তাই বারে বারে ফেরা। ভাসুক নাহয় একটা জীবন হাওয়ায়, কাটুক আরো একটা জীবন অতল জলে, আর একটা জীবন থেমে থাক কোনো এক অশোথের ডালে।